ঢাকা | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,১০ বৈশাখ ১৪৩৩

নাসিরনগরে উৎসব কমিটির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ

মাধবপুরের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি উৎসব কমিটির বিরুদ্ধে পল্লী বিদ্যুতের সংযোগ থেকে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে দোকানপাটে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ধর্মীয় আলোচনা ও নাম কীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ৫ দিন ধরে উৎসব কমিটি পল্লী বিদ্যুতের মূল লাইনের সঙ্গে সরাসরি সংযোগ নেয়। পরে সেই সংযোগ থেকে উৎসবের প্যান্ডেল ও আশপাশের অস্থায়ী দোকানপাটে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং এর বিনিময়ে নির্দিষ্ট হারে অর্থ আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , উৎসব কমিটির কাজে ব্যবহৃত ও দোকানপাটের সংযোগ সহ অনুমান ২ হাজার লাইট, কপি মেশিন, বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চুরি করে বিক্রি করছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে উৎসব কমিটি বিদ্যুৎ এর লাইন থেকে বিদ্যুৎ চুরি করে দোকানপাটে সংযোগ দিয়ে মোটা অংকের টাকা চাঁদা আদায় করছে ।
একাধিক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি দোকান থেকে দৈনিক বা অনুষ্ঠানকালীন নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হচ্ছে। তবে এসব সংযোগে কোনো বৈধ মিটার বা অনুমোদন ছিল না বলে দুঃখ প্রকাশ করছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, বিদ্যুৎ চুরি যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, তেমনি এটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত লোডের কারণে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের আশঙ্কাও থাকে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উৎসব কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে চলেন। তাদের দাবি, সব সংযোগই অস্থায়ী এবং নিয়ম মেনেই নেওয়া হচ্ছে ।

এ ব্যাপারে নাসিরনগর পল্লী বিদ্যুত অফিসের এজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ডিজিএম স্যারকে অবগত করে ব্যবস্থা নেওয়া হবে ।

নাসিরনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দ্রুত পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে ।