ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদির ওপর হামলাকারীদের একজন ছাত্রলীগের সহ-সভাপতি

হামলাকারী ফয়সাল করিম মাসুদকে (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) চিহ্নিত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি জানিয়েছেন, হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে, এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি।

ফয়সাল করিম মাসুদ (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল)

ছবিতে লালবৃত্তে চিহ্নিত ফয়সাল গত ৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ঠিক পাশে বসে ছিলেন একটি বৈঠকে। তিনি আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে।

জুলকারনাইন সায়ের আরও জানান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত ৮ নভেম্বর ২০২৪ ঢাকার আদাবরে স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হয়েছিলো। সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনি জামিনে বের হন।

০৮ নভেম্বর ২০২৪, ঢাকার আদাবরে স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব

হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে, তারা গত কয়েক দিন ধরেই হাদির নির্বাচনি প্রচারণায় যুক্ত ছিলেন। এমনকি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেও তারা হাদির সঙ্গেই ছিলেন।

ঘটনার সময় একটি ব্যাটারিচালিত রিকশায় ছিলেন হাদি। রিকশায় তার সঙ্গে ছিলেন তার ভাই। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি হাদির কানের নিচে বিদ্ধ হয়ে ঘাড় দিয়ে মাথায় চলে যায়।

এদিকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে।