বরিশাল-ভোলা সেতুর দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় তারা শাহবাগ চত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করবো, সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।

তারা বলেন, আমরা কয়েকদিন ধরে সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই। ভোলা-বরিশাল সেতু চালু হলে দুই দিকের মানুষের সংযোগ স্থাপন হবে, মানুষই খুবই উপকৃত হবে। তাই আমরা চাই সরকার আমাদের দাবি বিবেচনায় নিয়ে প্রত্যাশার এই সেতু নির্মাণ করে দিক।
আন্দোলনকারীদের একজন ফয়সাল আহম্মেদ বলেন, ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি সেতু নির্মাণ এখন আমাদের প্রধান দাবি। প্রতিদিনের যাতায়াতে আমরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হই। নদী পারাপারের ক্ষেত্রে পুরোপুরি লঞ্চের ওপর নির্ভরশীল হওয়ায় রাতের বেলায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। এমনকি চিকিৎসার প্রয়োজন হলেও কাউকে ঢাকায় নিতে অনেক সময় পুরো একটি দিন অপেক্ষা করতে হয়। তাই দ্রুত একটি স্থায়ী সেতুর ব্যবস্থা আমাদের সবারই দীর্ঘদিনের প্রত্যাশা।






