ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

৭ দিনে ফরাসি প্রকাশনা সংস্থার ২০০ লেখকের পদত্যাগ

গত এক সপ্তাহে ফরাসি প্রকাশনা সংস্থা গ্রাসে থেকে পদত্যাগ করেছেন প্রায় ২ শতাধিক লেখক। সংস্থাটির শীর্ষ বিনিয়োগকারী ডানপন্থী ভিনসেন্ট বোলোরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তাদের। লেখকদের স্বাধীন চিন্তায় বাধা দেয়ারও অভিযোগ ওঠেছে বোলোরের বিরুদ্ধে।

বিগত বছরগুলোতে ফ্রান্সের শীর্ষ বিনিয়োগকারী ভিনসেন্ট বোলোরের গণমাধ্যমগুলো তীব্রভাবে ডানপন্থী হয়ে ওঠেছে- একটি খোলা চিঠিতে এ কথা জানিয়েছেন বিখ্যাত ফরাসি প্রকাশনা সংস্থা গ্রাসের কয়েক ডজন লেখক। গণমাধ্যমগুলোর বিরুদ্ধে কট্টর ডানপন্থী দলের এজেন্ডা প্রচারের অভিযোগ তুলেছেন তারা।

জানা গেছে, ১৪ এপ্রিল গ্রাসের প্রধান নির্বাহী অলিভিয়ের নোরার পদত্যাগ করার পরই এই প্রতিবাদ শুরু করেন লেখকরা। দেশটির গণমাধ্যম বলছে, ফরাসি-আলজেরীয় লেখক বুয়ালেম সানসালের আলজেরিয়ায় আটক থাকা নিয়ে লেখা একটি বই কখন এবং কীভাবে প্রকাশ করা হবে, তা নিয়ে বিরোধের জেরে নোরাকে পদচ্যুত করেছেন বোলোর। আর এখান থেকেই ঘটনার শুরু।

ফরাসি লেখক কলোম্বে শেনক বলেন, বাম ও ডানপন্থী মিলিয়ে ২শ’ লেখক একসঙ্গে প্রকাশনা ছেড়ে চলে যাওয়ার ঘটনা এই প্রথম। লেখকদের মধ্যে অনেক মতবিরোধ ছিলো। কারন প্রতিষ্ঠানটির শীর্ষ বিনিয়োগকারী তাদের মত প্রকাশের স্বাধীনতাকে আঘাত করেছে।

গ্রাসের লেখকরা বলছেন, তারা এমন কোন আদর্শগত যুদ্ধে জিম্মি হতে চান না যা সংস্কৃতি ও গণমাধ্যমের সব জায়গায় স্বৈরতন্ত্র চাপিয়ে দেয়।

ফরাসি লেখক বালা ফোফানা বলেন, অবিশ্বাসের কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। গত ২৬ বছরে গ্রাসেকে নোরা একটি অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছে। প্রকাশক এবং এর লেখকদের মধ্যে চুক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসের জায়গা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু পদক্ষেপ সেই পরিস্থিতিকে একেবারেই ভেঙে ফেলেছে। সবাইকে বাধ্য করছে এ সিদ্ধান্ত নিতে।

এদিকে, গ্রাসে বা বোলোরে পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। ফরাসি মিডিয়া কোম্পানি লুই হাশেটের ৩১ শতাংশ শেয়ারের মালিক বোলোরে গ্রাসে’র সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। যার মাধ্যমে তিনি অন্যান্য গণমাধ্যম যেমন জার্নাল ডু ডিমঞ্চ ও সি-নিউজ নিয়ন্ত্রণ করেন। তিনি ফরাসি আরেক মিডিয়া কোম্পানি ভিভেন্ডিরও প্রধান শেয়ারহোল্ডার।