২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা–২০২৫ এর ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়।
কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর মোট ১০৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
বোর্ডের তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫৬১০ জন। এর মধ্যে ছাত্র ছিলেন ৭৭ হাজার ২৯১ জন এবং ছাত্রী ২৮ হাজার ৩১৯ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৫ হাজার ১৪৩ জন, পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে, ছাত্রীদের মধ্যে ২১ হাজার ৪২ জন পাস করেছেন, পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।
কারিগরি বোর্ডে মোট ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ছাত্র ৩৯৭ জন এবং ছাত্রী ১ হাজার ২১৩ জন। এ বছর মোট ৭৩৩টি কেন্দ্রে ও ১ হাজার ৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
এদিকে সাধারণ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।





