ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আমাদের কোনো রাজনৈতিক কমিটি নেই। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে, তাদের মতামত নিয়েই আমরা কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করি।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঢাবি শিবিরের সভাপতি এ কথা বলেন।
ফরহাদ বলেন, শিবির হলভিত্তিক রাজনীতি নয়, বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। বর্তমানে আমরা আবাসিক হলে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছি না। শুধুমাত্র শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, এসব কার্যক্রমের মধ্যে ছিল তীব্র গরমে হলে হলে পানির ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা, নববর্ষ উপলক্ষে উপহার বিতরণসহ বিভিন্ন উদ্যোগ। এ কাজগুলো সম্পন্ন করতে কিছু আবাসিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে, যা নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে একটি মহল প্রচার চালাচ্ছে।
ফরহাদ বলেন, কিছু পক্ষ এমনভাবে প্রচার করছে যেন হলে হলে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। বাস্তবে, সেবামূলক কার্যক্রমের সুবিধার্থে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা যদি এসব সেবা না চান, তাহলে আমরা তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব।
ঢাবিতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে–এমন প্রশ্ন তুলে ফরহাদ বলেন, ‘শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?’






