রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আসেন ওই শিক্ষার্থী। এ সময় বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
পরে তাকে প্রক্টর কার্যালয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই শিক্ষার্থীর নাম মো. আব্দুল্লাহ আল ইমরান। তার বাড়ি রংপুর জেলায়।
ইমরানকে জিজ্ঞাসাবাদের বরাতে প্রক্টর কার্যালয় জানায়, তার নামে অন্য কেউ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুর কেন্দ্রে অংশগ্রহণ করে এবং ২২তম অবস্থানে ছিলেন। এজন্য ইমরান দুজনের সঙ্গে চুক্তি করেছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “দুই-তিন দিন আগে ফার্মেসি বিভাগে ভর্তির জন্য একজন এলে তার ফরমে সভাপতির স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হয়। তখন বিভাগকে বলা হয়, এমন কেউ আবার আসলে প্রক্টর অফিসকে জানাতে।
“আজ ইমরান নামে এক শিক্ষার্থী এলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে সব স্বীকার করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”
এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, “অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”





