ঢাকা | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং অটোরিকশাচালক সুজন (৩২)।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফটকের আশপাশে থাকা দুজন আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘সরেজমিনে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত হোমমেড একটি ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হবে।’