এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারির দাবিতে রাতভর অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। গতকাল বুধবার থেকে এই কর্মসূচি শুরু হয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী শিক্ষকরা অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল সকাল থেকেই তারা এই কর্মসূচি শুরু করেন।
সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকদের ব্যানারে আমরণ অনশনে বসেন তারা।
তাদের চার দাবি হলো- এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত অফিস আদেশ অবিলম্বে প্রকাশ করতে হবে; নির্ধারিত নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে; নারী শিক্ষকদের পারিবারিক ও মানবিক সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত রেজাল্ট প্রকাশ; শিক্ষকসমাজের দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগের অবসান ঘটাতে হবে।
অনশনরত শিক্ষকরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন হলেও এখনো চূড়ান্ত বদলির অফিস আদেশ প্রকাশ না হওয়ায় হাজারো শিক্ষক চরম অনিশ্চয়তা ও মানসিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে নারী শিক্ষকরা স্বামী, সন্ধান, পরিবার ও বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক নানা সংকটের সম্মুখীন হচ্ছেন। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনিও একটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। পরিবারের কাছাকাছি থেকে স্বাভাবিক ও মানবিক জীবনযাপনের প্রত্যাশা কোনো অন্যায় দাবি হতে পারে না। বদলির অফিস আদেশ প্রকাশে দীর্ঘসূত্রতা শিক্ষকদের সেই ন্যায্য প্রত্যাশাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।






