ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরিবার।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এনামউল্যা, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ফারুক হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এনামউল্যা বলেন, “আজ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার দুই বছর পরও আমাদের ফ্যাসিবাদী শক্তির আতঙ্কে থাকতে হচ্ছে, তারা নাশকতা তৈরির চেষ্টা করছে। এর জন্য আমাদেরও দায় রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা রাস্তায় নামার চেষ্টা করছে। আমরা নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এতে তারা সুযোগ খোঁজার চেষ্টা করবে।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যেই জুলাইয়ে হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার নিশ্চিত করতে আমরা কমিটি করেছি। আমি সবাইকে ধৈর্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি। একইসাথে বর্তমানে যদি কেউ ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে যোগ দিয়ে হাবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমি সবাইকে সুন্দর দেশ গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন, “দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি। আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, আপনি ভয় পাবেন না। জুলাইয়ে যেভাবে আমরা রাজপথে নেমে এসেছিলাম, প্রয়োজনে ছাত্রসমাজ এবং আপামর জনতা আবারও ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা রুখে দিতে রাজপথে নেমে আসবে।”
ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান বলেন, “আজ যে অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তাদের বিরুদ্ধে লড়াই আজ নতুন নয়। বিগত ১৭ বছরের প্রতিদিন জাতীয়তাবাদী শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। দীর্ঘ লড়াই শেষে গত জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে নির্বাচিত হয়েছে। কিন্তু আবারও ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান। তার পিতা যেভাবে সংকট থেকে দেশকে উদ্ধার করেছেন, সেভাবে তিনিও সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবসময় প্রস্তুত আছি।”





