যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক ছাত্রের অভিভাবকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ। তিনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে লাঞ্ছিত করার অভিযোগে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হন তার বাবা ইউনুস আলী। পরে তিনি প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কোনো কথা না বলেই তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে প্রবেশ করে ইউনুস আলী তাঁকে চড় মারেন। পরে অন্য শিক্ষকেরা এসে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।






