হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ অনুষদের উদ্যোগে এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ প্রকল্পের আওতায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
১৭ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ২৪২ নম্বর ভার্চুয়াল ক্লাসরুমে ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর টিচার্স অন দ্য ইমপ্লিমেন্টেশন অব আউটকাম-বেজড এডুকেশন (OBE) কারিকুলাম ফর দ্য বিএসসি ফিশারিজ (অনার্স) প্রোগ্রাম’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মডার্নাইজেশন অব টিচিং-লার্নিং ফ্যাসিলিটিস ইন দ্য ফ্যাকাল্টি অব ফিশারিজ ফর দ্য ট্রান্সফরমেশন অব ফিশারিজ এডুকেশন টুওয়ার্ডস আউটকাম-বেজড কারিকুলা” শীর্ষক উপ-প্রকল্পের (পিন: ১২৩০৮) অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো.এনামউল্যা। ফিশারিজ অনুষদের হিট (HEAT) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) প্রফেসর ড. মো. রেজওয়ানুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফরিদুল্লাহ, রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আবু হাসান এবং ইউএটিএফএস-এর কনভেনার প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ফিশারিজ শিক্ষাকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে আউটকাম-বেজড এডুকেশন (OBE) কারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এভিত্তিক সিস্টেম যথাযথভাবে বাস্তবায়নে আমাদের দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। সময়মত ক্লাস, পরীক্ষা ও কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষকদের সজাগ থাকতে হবে। যাতে করে শিক্ষার্থীরা কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবশ্যই গবেষণায় অধিকতর সময় ব্যয় করতে হবে। সরকারি বরাদ্দের বাইরেও নিজ উদ্যোগে গবেষণা বাড়াতে হবে। এই প্রজেক্টের মাধ্যমে ফিশারিজ অনুষদের একাডেমিক ও গবেষণাগার সমৃদ্ধকরণে বিশেষ নজর দেওয়ার ক্ষেত্রে তিনি জোরালো তাগিদ প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ধাপে ধাপে আমাদের আধুনিকায়ন করতে হবে। এই প্রজেক্টের মাধ্যমে ফিশারিজ অনুষদ একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর অনুষদ হিসেবে গড়ে উঠবে। দেশের পুষ্টি চাহিদা পূরণে এবং মৎস্য সম্পদ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ফিশারিজ অনুষদ বিশেষ অবদান রাখবে। পাশাপাশি এই প্রশিক্ষণের মাধ্যমে অনুষদের শিক্ষকবৃন্দ আধুনিক পাঠদান পদ্ধতি ও কারিকুলাম বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।







