ঢাকা | সোমবার, ৯ নভেম্বর ২০২৬,২৪ কার্তিক ১৪৩৩

চাকরি ৮ বছর পূর্ণ হলে অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকরা

চাকরিতে আট বছর পূর্ণ হলে অষ্টম গ্রেড পাবেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকরা। এ জন্য যোগ্য কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১২ নভেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে দুই সেট আবেদন জমা দিতে হবে।

রোববার (৮ নভেম্বর) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক (ক-৪) মো. রফিক আহমেদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তার চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

এ বিধান অনুযায়ী, নবম গ্রেডের যেসব প্রভাষক পদে আট বছর চাকরি পূর্ণ করে অষ্টম গ্রেড পাওয়ার যোগ্য হয়েছেন, তাদের নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। ছকে কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, পদবি, বিষয় ও কর্মস্থলের পাশাপাশি প্রভাষক পদে প্রথম যোগদানের তারিখ, আট বছর পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতার তারিখ উল্লেখ করতে হবে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব আবেদন, অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে প্রথম যোগদানের আদেশ, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ এবং নিয়মিতকরণের আদেশ জমা দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা চলমান নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও সংযুক্ত করতে হবে।