তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ঐতিহাসিক বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬ থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি নীতিমালাটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, বঙ্গভবন পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এটি তাদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় মূল্যবোধ গঠনে ভূমিকা রাখবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মহামান্য রাষ্ট্রপতির বাসভবন ভ্রমণের এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
তিনি আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী, তাদের সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। পুরো বিষয়টি অধিদপ্তর থেকে সমন্বয় করা হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর,
মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।
ইতিমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনে মোট দেড় ঘণ্টা সময় কাটাতে পারবে। নির্ধারিত দিনে তারা সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করবে। বেলা সাড়ে ১১টায় পরিদর্শন শেষ হবে। তবে নিরাপত্তা বা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।





