ঢাকা | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,১৩ কার্তিক ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের মধ্যে টিকটিকি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের ভাতের সঙ্গে সেদ্ধ হওয়া টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থীর প্লেটে টিকটিকিটি পাওয়া যায়। এ ঘটনায় হলের ডাইনিংয়ের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান ভাত খাওয়ার সময় তার ভাতের মধ্যে একটি সেদ্ধ হওয়া টিকটিকির অর্ধেকাংশ পান। সঙ্গে সঙ্গে তিনি হলের ডাইনিং এর কর্মরতদের নিকট বিষয়টি জানালে তারা বিষয়টি দেখে দুঃখ প্রকাশ করেন এবং তারা টাকা ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে ডাইনিং পরিচালক আল আমিন বলেন, ‘সিলিং থেকে টিকটিকিটি পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় সেটি ভাতের মধ্যে পড়ে যায়। কেউ খেয়াল করেনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভাত ফেলে দিয়েছি। ওপর থেকে পড়েছে, এখানে আমাদেরও কিছু করার ছিলো না। ইচ্ছা করে এগুলাতো কেউ করে না।’

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ‘দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং যে গামলায় টিকটিকিটি পাওয়া গেছে, সেই গামলার বাকি ভাতও আর পরিবেশন করা হয়নি।’