ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,৪ কার্তিক ১৪৩৩

জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ

সরকারি করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্য এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে জাতীয়করণ হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

সোমবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি সব অঞ্চলের মাউশি অধিদপ্তরের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে।

বলা হয়েছে, জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপিতে আবেদন করে ইনডেক্স কর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও ইনডেক্স কর্তন করার পরই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধন করে পিডিএসভুক্ত হতে পারবেন।

ফলে জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক-কর্মচারীর রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের সরকারি পিডিএসে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ইনডেক্স কর্তনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।