ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার পর পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন।

২১ সিরিজের বহিষ্কৃত শিক্ষার্থীদের একজন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের এবং অন্যজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন ও যন্ত্রকৌশল বিভাগের একজন রয়েছেন।

এ ছাড়া ২৪ সিরিজের চার শিক্ষার্থীর মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন এবং মেকাট্রনিক্স বিভাগের একজন। অন্যদিকে, ২৫ সিরিজের বহিষ্কৃত তিনজন যথাক্রমে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২২ সিরিজের শিক্ষার্থীদের বাতিল করা হয়েছে তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা। এ ছাড়া ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষার হল থেকে জব্দ করা মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য সামগ্রী বিশ্ববিদ্যালয়ের হেফাজতে থাকবে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পন্ন হওয়ার পর এসব জিনিসপত্র ফেরত দেওয়া হবে।

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধও গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশগ্রহণের সুযোগ বাড়িয়ে পাঁচবার পর্যন্ত করা হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা উদ্বেগজনক।