ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় তদন্ত কমিটি গঠন ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে রাখা হয়েছে। তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনা তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার মধ্যরাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। পরে সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন দিতে হবে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সমকাল, দ্য ডেইলি স্টার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত চার সাংবাদিককে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়।