প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ রোববার সকালে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করে প্রতিষ্ঠানটিতে সাধারণ জনতার সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ নানা সুবিধাদি বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, স্কুলটি পরিদর্শন করে অটিস্টিকদের এই প্রতিষ্ঠানটিতে সুবিধাদি কীভাবে বৃদ্ধি করা যায়। সাধারণ জনতার সন্তানদের ভর্তি কীভাবে আরো সহজ করা যায়, ব্যয় কমানো যায়।”

“আমি দেখলাম, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন, যেহেতু তারা অটিস্টিক। এটা অত্যন্ত ব্যয়বহুল। অফিসার ও সাধারণ জনতার সন্তানদের জন্য টিউশন ফি যথাক্রমে ২৫ ও ৩০ হাজার টাকা,’ যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আাছেন।

এ ব্যয় কীভাবে কমিয়ে আনা যায় সেবিষয়টি বিবেচনার জন্য মন্ত্রী পরামর্শ প্রদান করেন। তাছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের কাজে লাগানো যায় সে বিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে বলে তিনি জানান। সরকারিভাবে এ স্কুলকে সহযোগিতা প্রদান করার বিষয়ে মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান, ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।






