বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য সন্তানদের ন্যূনতম যোগ্যতা থাকলে ভর্তির সুবিধা বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত হয়েছে। আগের নীতিমালায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানদের ন্যূনতম যোগ্যতা থাকলে ভর্তির সুযোগের কথা বলা ছিলো। এবারের সিদ্ধান্তে ম্যানেজিং কমিটির সদস্য সন্তানদের জন্য আগের মতো আলাদা সুবিধার কথা আলোচনায় নেই।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নতুন এ সিদ্ধান্ত শিগগির চূড়ান্ত হবে বলে জানায় সূত্রটি।
এবারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক অতিরিক্ত আসন স্ব স্ব বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে। তবে শিক্ষক-কর্মচারী মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে নিকটতম বেসরকারি বালিকা-সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। শিক্ষক-কর্মচারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে নিকটতম সরকারি বালক-সহশিক্ষা বিদ্যালয়ে অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক-কর্মচারী যদি সহশিক্ষা বিদ্যালয়ে কর্মরত থাকে তাহলে তার ভর্তি উপযুক্ত সন্তানের ভর্তির জন্য কর্মরত বিদ্যালয়েই অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। তবে কর্মরত বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত কাঙ্ক্ষিত শ্রেণি না থাকলে নিকটতম বালক-বালিকা-সহশিক্ষা বিদ্যালয়ে (প্রযোজ্য ক্ষেত্রে) অতিরিক্ত আসন সংরক্ষিত রাখতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ভর্তি কমিটিকে অবহিত করবেন। তবে শিক্ষক-কর্মচারীদের ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের প্রধানকে অবহিত করতে হবে এবং অনলাইনে ভর্তির আবেদন করতে হবে।
সূত্র জানায়, এসব বিধান কিছুটা আগের মতো থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানদের ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে ভর্তির সুযোগের কথা বলা হয়েছিল। একই সঙ্গে পোষ্য, আত্মীয়-স্বজন বা ম্যানেজিং কমিটির জন্য আলাদা আসন সংরক্ষণের সুযোগ না রাখার কথাও উল্লেখ ছিল- তা এবার নেই।




