ঢাকা | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,২৯ ভাদ্র ১৪৩৩

পাটের পলিমারে নতুন শিল্পের সম্ভাবনা দেখছেন মাভাবিপ্রবির অধ্যাপক ড. বাশার‎



‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রদর্শন করছে ‘Shaping the Future with Jute Fiber: Development and Commercialization of Innovative Materials’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প।

‎প্রকল্পটির লক্ষ্য পাট ও পাটজাত অবশিষ্টাংশকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চমূল্যের ও পরিবেশবান্ধব উপাদানে রূপান্তর করা। এর অংশ হিসেবে পাটকাঠিকে পাইরোলাইসিস প্রক্রিয়ায় বায়োচার ও অ্যাক্টিভেটেড কার্বনে রূপান্তরের প্রযুক্তি দেখানো হয়েছে। এ অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করে ইলেকট্রোড উপাদান ও সুপারক্যাপাসিটর তৈরির সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও Jute Polymer Nanotechnology Research Group-এর প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার বলেন , পাটের মধ্যে থাকা মূল্যবান পলিমার আহরণ করে উচ্চপ্রযুক্তির বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব। পাটে ৬৫ থেকে ৭০ শতাংশ সেলুলোজ ও ১৫ থেকে ১৭ শতাংশ লিগনিন রয়েছে। এসব উপাদান কাজে লাগিয়ে নতুন ধরনের মূল্য সংযোজিত পণ্য তৈরি করা যেতে পারে।

‎ তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে পাট থেকে ন্যানো সেলুলোজ তৈরি করেছি এবং তা বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাটের লিগনিন আহরণ ও প্রক্রিয়াকরণের কাজও চলছে। পাটকাঠি থেকে উচ্চ শোষণক্ষমতাসম্পন্ন কার্বন তৈরি করেছি, যা শক্তি সংরক্ষণ ও গ্রিন এনার্জির গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

‎তিনি আরোও বলেন, পাটের সেলুলোজ থেকে চিকিৎসা খাতেও বিভিন্ন ধরনের পলিমার তৈরি করা সম্ভব। পাটভিত্তিক এসব উপাদানের বাণিজ্যিকীকরণের মাধ্যমে নতুন শিল্প গড়ে তোলা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

‎প্রকল্প টিমের সদস্যরা হলেন প্রভাষক মো. শাহাবুল হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম ও মো. আব্দুর রহমান। সংশ্লিষ্টরা আশা করছেন, কৃষিজ অবশিষ্ট পাটকাঠিকে শক্তি সংরক্ষণে ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তরের এ উদ্যোগ দেশের সবুজ ও টেকসই প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

উল্লেখ্য, ঢাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’- এর এবারের প্রতিপাদ্য ‘Innovate to Market’ বা ‘উদ্ভাবন থেকে বাজার’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর নভোথিয়েটারে গতকাল শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।