ঢাকা | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় মৌ

বাবার মৃত্যুর শোক নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাসায় বাবার মরদেহ রেখে সেই কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন তিনি। মৌ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ে তিনি নজিপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষা দিতে যান। মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা এবং ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ ছিলেন। বুধবার সকাল ৯টায় তার পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শোকের এমন মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানসিক দৃঢ়তা, সাহস ও শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।