ঢাকা | বুধবার, ২২ জুলাই ২০২৬,৭ শ্রাবণ ১৪৩৩

পাঠ্যবই ছাপার প্রেস মালিকদের কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাপ্রতিষ্ঠানের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সঠিক সময়ে নতুন বই দিতে হবে আমাদের সন্তানদের। যদি না দেন, সামনে আর করতে পারবেন না।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সঠিক সময়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। যদি না দেন, সামনে আর ছাপার কাজ করতে পারবেন না। এমনভাবে প্যান্ট পরবেন, যেন জিপার ঠিক থাকে। আমরা চাইলে অ্যাসোসিয়েশন ভাঙতে পারতাম; কিন্তু কোনো হস্তক্ষেপ করব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে এখনও সরকারি বাসভবনে ওঠেননি। কোনো ভবনে যাননি। এদেশে এখন আর কেউ খিচুড়ি রান্না শিখতে বিদেশে যেতে পারবেন না।

বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, বই এমনভাবে ছাপতে হবে, ছবিগুলো সুন্দর হতে হবে। শিশুরা দেখে যাতে আনন্দ পায়। এটি আমরা কেন পারব না? এটা আমাদের ঈমানী দায়িত্ব। অনেকে আমার কিছু কথায় আহত হয়েছেন। কিন্তু বই নিয়ে এটি আমাদের করতে হবে।