শিক্ষার্থী সংকটের কারণে আরো ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম স্থগিতসহ পাঠদান অনুমোদন বাতিল হচ্ছে। প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রম ও পাঠদান কেনো বাতিল-প্রত্যাহার করা হবে না তা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালককে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১১২টি প্রতিষ্ঠান (তালিকা সংযুক্ত) বিগত ৫ বছর যাবৎ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। প্রতিষ্ঠানগুলোর আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না তার ব্যাখ্যা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে দেয়ার জন্য নির্দেশ করা হলো।
উল্লেখ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০ এর বিধি ৫.৪ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরী, পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।






