জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা বিভাগের শিক্ষার্থী ও দৈনিক প্রলয়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
শনিবার (২৭ জুন) ব্যাচের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পূর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের জেরে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অপূর্ব রায়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় নাট্যকলা বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী শুভ নাথ, ১৫তম ব্যাচের শিক্ষার্থী অর্ঘ্য শ্রেষ্ঠ এবং মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক ছাত্রলীগ নেতা চন্দনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে উদ্ধার করে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের প্রতি কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রশ্রয় না দিয়ে দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া ব্যাচের শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন ব্যর্থ হলে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
শেষে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে ক্যাম্পাসকে নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষাঙ্গনে পরিণত করার দাবি জানান।




