কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ ।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহম্মেদ প্রেম (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কাটাবিল উচ্চ বিদ্যালয়ে পড়ে।
সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রেমসহ অন্তত পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান,হামলার পর মানববন্ধনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা নিরাপদ স্থানে সরে গেলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর শীর্ষ মাদক কারবারি কাটাবিল এলাকায় অপু এই ঘটনার সাথে জড়িত ।
কুমিল্লা কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, আসামি গ্রেফতারের অভিযান চলছে। কাটাবিল এলাকার অপু এটার সাথে জড়িত এমন কথা শোনা যাচ্ছে । সে একটি মার্ডার মামলার আসামি । কিছুদিন আগে জামিনে বের হয়েছে । আমাদের একাধিক টিম কাজ করছে ।





