জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে উদ্ধারের পর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে ‘কুইক রেসপন্স অ্যাপ’ চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) নিখোঁজ থাকার সাতদিন পর পুরান ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সিরাজুল ইসলাম নিজেই বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীকে দ্রুত খুঁজে পাওয়ার পেছনে সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও তৎপরতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ফলেই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন না হন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান উপাচার্য।
তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে একটি ‘কুইক রেসপন্স অ্যাপ’ চালু করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ওয়ান-ক্লিক সার্ভিস’ সংযোজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট যে কেউ জরুরি বা সংকটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য যোগাযোগ করতে পারবেন এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সাড়া দিতে সক্ষম হবে।







