এমপিওভুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা। তারা বলছেন, আজকের মধ্যে এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে পদযাত্রা করা হবে।
গতকাল বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করে আসছেন তারা। আজ লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিন চলছে। পরে সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বেলা ১০টায় যথারীতি জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে অধ্যক্ষ সেলিম মিয়া সভাপতিত্ব করেন। বক্তারা বলেন অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। তিনি বলেন আজকের মাধ্যে কারিগরি ও মাদরাসা বিভাগের এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে ১১ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করা হবে।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। তিনি বলেন এদেশের শিক্ষা ব্যবস্থায় বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। বিধায় তাদের প্রতি জনগণের প্রত্যাশাও বেশি। তিনি সরকারের নিকট অবিলম্বে দেশের সব নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আহ্বান জানান।





