ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনতিশার হাসনাত (২২) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসনাত কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে হাসনাতসহ চার বন্ধু রাঙামাটি ঘুরতে আসেন। বিকেলে তারা নৌকাযোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা চারজনই পানিতে সাঁতার কাটতে নামেন।

এ সময় ইনতিশার হাসনাত সাঁতার কাটতে গিয়ে হ্রদের গভীর অংশে চলে যান এবং ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পরে প্রায় ২৫ ফুট গভীর থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।