ঢাকা | বুধবার, ২০ মে ২০২৬,৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দপ্তরির চাকরি না পেয়ে স্কুলমাঠে পাটচাষ!

দপ্তরির চাকরি না পেয়ে স্কুল মাঠেই পাটচাষের অভিযোগ উঠেছে সজিব খাঁন ও তার বাবা কালাম খাঁন এর নামে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের মাঠে পাটচাষ করায় নানা সমস্যা পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা জানায়, এ স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ১৪২ জন। স্কুলমাঠে পাটক্ষেত থাকায় খেলাধুলা করতে তাদের সমস্যা পোহাতে হচ্ছে। দ্রুত স্কুলের মাঠ থেকে পাট ক্ষেত অপসারণের দাবি জানিয়েছে তারা।

সজিব খাঁন ও তার বাবা কালাম খাঁন জানান, ২০২৪ সালের শুরুর দিকে স্কুল কর্তৃপক্ষ সজিবকে স্কুলের দপ্তরির চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। তবে দুই বছর পেরিয়ে গেলেও এখনো তাকে চাকরি দেওয়া হয়নি। যে কারণে তারা তাদের জমিতে পাটের আবাদ করেছেন।

সজিব বলেন, আমরা বাধ্য হয়ে আমাদের জমিতে পাট চাষ করেছি।

স্কুল কর্তৃপক্ষ আমাকে চাকরি দিক, নাহলে আমাদের জমির টাকা দিক, নইলে বাউন্ডারি ওয়াল ভেঙে দিক। যাতে আমরা আমাদের জমিতে ভালোভাবে চাষাবাদ চালাতে পারি।

স্কুলটির প্রধান শিক্ষক নূরুন্নাহার খানম জানান, তৎকালীন এমপি জিল্লুল হাকিম কালাম খানের কাছ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করার জন্য জমি নিয়ে দেন। কথা ছিল, সজিবকে চাকরি দেওয়ার পর জমি রেজিস্ট্রি করার। তবে ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।

স্কুলের মাঠে পাট দিন দিন বড় হচ্ছে জানিয়ে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এতে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’