চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) উচ্চতর গণিত প্রশ্নপত্রে একাধিক ভুল ধরা পড়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে এমন ত্রুটির কারণে ভুক্তভোগী পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্চতর গণিতের মতো একটি সংবেদনশীল বিষয়ের প্রশ্ন ভুল থাকা অনুচিত। ভুল প্রশ্নের পেছনে অনেক শিক্ষার্থী মূল্যবান সময় নষ্ট করেছে এবং মানসিক চাপে পড়েছে।
জানা যায়, গত ১৭ মে অনুষ্ঠিত উচ্চতর গণিতের এমসিকিউ এর ১৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ছিল না। এছাড়া সৃজনশীল প্রশ্নের ২ এর খ এবং ৪ এর খ প্রশ্নেও ভুল ছিল।
ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মিথুন বিশ্বাসের এক মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি বলেন, উচ্চতর গণিতের মতো একটি বিষয়ে প্রশ্ন ভুল থাকা অনুচিত। পরীক্ষা শেষ হওয়ার দুইদিন অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি। বোর্ডের ভুলের খেসারত পরীক্ষার্থীদের জন্য কাম্য নয়।








