ঢাকা | রবিবার, ১৭ মে ২০২৬,৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাভাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে হিসাববিজ্ঞান বিভাগের ফুলেল শুভেচ্ছা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ।

শনিবার (১৬ মে) উপাচার্য মহোদয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আনন্দঘন পরিবেশে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিভাগের শিক্ষার্থী রাহাত মির্জা তারেক জানান, নবনির্বাচিত উপাচার্য মহোদয়কে তাঁর নতুন কর্মমেয়াদে বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাতে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুসসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সাক্ষাৎকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি হিসাববিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের যেকোনো অ্যাকাডেমিক প্রয়োজনে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলামকে আগামী চার বছরের জন্য মাভাবিপ্রবির নবম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শনিবার দায়িত্ব গ্রহণের শুরুতে তিনি মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

​নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে যেমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, তেমনি হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর গতিশীল ও প্রাজ্ঞ নেতৃত্বে বিভাগ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে।