ঢাকা | শনিবার, ১৬ মে ২০২৬,২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাভাবিপ্রবির নবম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম


‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে যোগদান করেন।

‎এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাভাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে আগামী চার বছরের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

‎দায়িত্ব গ্রহণের শুরুতে নবনিযুক্ত উপাচার্য মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

‎এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ফুল দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান। জবাবে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামও ফুল দিয়ে বিদায়ী উপাচার্যকে শুভেচ্ছা ও বিদায় জানান।

‎নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানান।

‎এ সময় বিশ্ববিদ্যালয়জুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।