ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সহপাঠীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি তুলে ধরেন তারা। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা তাতে সংহতি জানান।
মানববন্ধনে বিভাগের শিক্ষার্থী আনিয়া আক্তার বলেন, বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের হাতে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিকভাবে নিপীড়ন করার যে পরিবেশ তৈরি হয়েছে, মরহুমা মিমোর অকাল মৃত্যু তারই এক মর্মান্তিক পরিণতি। এ সময় তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এবং ক্যাম্পাসে নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
মানববন্ধনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, প্রতিটি ডিপার্টমেন্টে, অনুষদে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল থাকার কথা বলা হয়েছে। প্রাথমিক অভিযোগ দাখিল করা পর একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তী সময়ে দেখা যায় এই সেলগুলো কোনো কাজ করে না। যদি কোনো ফলোআপ না থাকে, তাহলে এই ধরনের সেলের কোনো দরকার নেই।
তিনি আরো বলেন, আমি মনে করি, সাধারণ শিক্ষার্থীসহ ছাত্র প্রতিনিধিরা যেন এই সেলে থাকতে পারে এবং যখনই কোনো অভিযোগ আসে, যখন কোনো তদন্ত হয়, তার সুষ্ঠু বিচার শিক্ষার্থীরা দেখতে পারে। আমাদের আপু যে জীবন দিয়ে একটা সিস্টেমের দিকে আঙুল তুলে দিয়ে গেছে তার সুষ্ঠু বিচার করা হয় এবং যে অপরাধীকে সুইসাইড নোটের মাধ্যমে ইঙ্গিত করেছে উনার শাস্তি দেখতে চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।
বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, শিক্ষার্থীদের দাবি আমাদেরও দাবি। এই ঘটনায় বিভাগ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, আমরা তা নিয়েছি। বিষয়টি ভিসি ও প্রো-ভিসিকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।





