খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছয়টি কক্ষ আগুনে পুড়ে গেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কলাবাড়ী উচ্চবিদ্যালয় নামে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন লাগে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। দ্রুততম সময়ের মধ্যে তা আশপাশের কক্ষগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, আগুনে প্রধান শিক্ষকের কক্ষ এবং একাধিক শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের আসবাব, কম্পিউটার ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের রামগড় স্টেশনের কর্মকর্তা বিশ্বান্ত বড়ুয়া বলেন, ‘আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী শামীম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যালয়ের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হবে।’
২০২২ সালে উপজেলার প্রত্যন্ত কলাবাড়ী এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। আগুনে বিদ্যালয়ের কক্ষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।




