ঢাকা | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,৪ বৈশাখ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি পাস করেও শত শত পরীক্ষার্থী ‘ফেল’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ফলাফলে বড় ধরনের কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। পরীক্ষায় নির্ধারিত পাস নম্বর পেলেও ভুলবশত শত শত শিক্ষার্থীকে ‘ফেল’ দেখানো হয়েছে, যা নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিজ্ঞান ও অবিজ্ঞান উভয় শাখার জন্য পাস নম্বর ৪০ নির্ধারিত থাকলেও অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ওপর বিজ্ঞান শাখার কঠিন শর্তগুলো প্রয়োগ করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী ৫০-এর বেশি নম্বর পেয়েও ফলাফল বিপর্যয়ের শিকার হয়েছেন। এর ফলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার ভুলের বিষয়টি স্বীকার করেছে। ‘সি’ ইউনিটের সমন্বয়ক জানিয়েছেন, সমস্যা সমাধানে জরুরি সভা ডাকা হয়েছে। আগামী ১৯ এপ্রিল (রোববার) উপ-উপাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা দ্রুত এই ত্রুটিপূর্ণ ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।