পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ (রবিবার) খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দীর্ঘ বিরতির পর ঈদের আনন্দ উপভোগ করে আবারও সজীব হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরছেন হলে, মেসে, প্রিয় প্রাঙ্গণে। চারপাশে ভেসে বেড়াচ্ছে চেনা মুখের হাসি, প্রিয় বন্ধুদের আনন্দ আর মিলনমেলার উচ্ছ্বাস।
উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপে গত ৮ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ১৫ মার্চ ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ছিল।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৭ মার্চ ২০২৬ তারিখে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায়, ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় পরিবহন প্রসাশন।
পরিবহন প্রসাশক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী জানান, ‘ ভর্তি পরীক্ষার্থীদের জন্য ময়মনসিংহ টাউন হল থেকে সকাল ৮ এবং ভালুকা থেকে সকাল ৮ টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্য বাস ছেড়ে আসবে আবার পরীক্ষা শেষে ১২ টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যাবে।’






