ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিউশন ফি ছাড়াই ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বাংলাদেশিরা 

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। সেই স্বপ্নকে আরও সহজ করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তির ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ ডাব্লিন। ২০২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

আয়ারল্যান্ডের রাজধানী ডাব্লিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাব্লিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক গবেষণাগার এবং বিশ্বমানের শিক্ষকদের জন্য সুপরিচিত। বৈশ্বিক উচ্চশিক্ষা সূচকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ এক শতাংশ প্রতিষ্ঠানের মধ্যেও স্থান করে নিয়েছে।

সুযোগ-সুবিধা 

এই স্কলারশিপের সবচেয়ে বড় আকর্ষণ হলো টিউশন ফি মওকুফ। নির্বাচিত শিক্ষার্থীদের যোগ্যতা ও কোর্সের ওপর ভিত্তি করে আংশিক বা শতভাগ টিউশন ফি ছাড় দেওয়া হতে পারে। এর ফলে আয়ারল্যান্ডের মতো দেশে উচ্চশিক্ষার ব্যয় অনেকটাই কমে আসে। পাশাপাশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাও অর্জন করতে পারেন।

আবেদনের যোগ্যতা

এই বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে আয়ারল্যান্ডে পূর্ণকালীন একটি স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী হতে হবে। আবেদনকারীর থাকতে হবে—

  • ভালো একাডেমিক ফলাফল
  • সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা
  • নেতৃত্বের দক্ষতা
  • এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে আইইএলটিএসে গড়ে অন্তত ৬.৫ স্কোর থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: স্কলারশিপের আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। যেমন—

  • সংশ্লিষ্ট প্রোগ্রামের অফার লেটার
  • পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট
  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
  • প্রায় ২০০ শব্দের একটি স্টেটমেন্ট, যা পিডিএফ আকারে জমা দিতে হবে

কোন কোন বিষয়ে পড়া যাবে

ইউনিভার্সিটি কলেজ ডাব্লিনে চারটি প্রধান কলেজের অধীনে নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—

  • বিজনেস: এমবিএ, ফিন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
  • সায়েন্স: কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিকস, বায়োলজি, গণিত
  • সোশ্যাল সায়েন্স ও ল
  • হেলথ ও এগ্রিকালচারাল সায়েন্সেস

আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।