ঢাকা | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,১০ বৈশাখ ১৪৩৩

ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে রাকসু জিএসের সাথে বাকবিতণ্ডা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) ও শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বিকেল চারটার দিকে রাকসু ভবনে জিএসের কার্যালয়ে এ উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে দেখা যায়, রোববার রাজধানী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ নিজের ফেসবুক টাইমলাইনে রাকসুর কার্যক্রম নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী ও পারদর্শী… নফল দিয়েই যদি বৈতরণী পার হওয়া যায়, তাহলে ফরজের দরকারটাই বা কী!’। এ পোস্টে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার কমেন্ট করেন, ‘চুলকানি শুরু? মলমের নাম নুরু’।

এ মন্তব্যকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শাখা ছাত্র অধিকার পরিষদের অভিযোগ, ওই কমেন্টের মাধ্যমে সালাউদ্দিন আম্মার গণঅধিকার পরিষদের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

ঘটনার পর রাকসু ভবন থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে মেহেদী মারুফ নৈতিক স্খলনের অভিযোগ তুলে রাকসু জিএস আম্মারের পদ স্থগিতের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তিনি কাউকে লক্ষ্য করে মন্তব্য করেননি, কেবল শব্দের ছন্দ মিলিয়েই ‘নুর’ শব্দটি ব্যবহার করেছেন। পদ স্থগিতের দাবির বিষয়ে তিনি বলেন, “এই সিদ্ধান্ত শিক্ষার্থীরাই নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি তাদের একটি রাজনৈতিক কৌশল এবং মনোযোগ আকর্ষণের চেষ্টা।”