ঢাকা | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

এবার ছাত্রদলে যোগ দিলেন আরেক ভিপি

এবার বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। এর মধ্যে জিতু বিএনপিতে এবং বাকিরা ছাত্রদলে যোগ দিয়েছেন।

দীর্ঘ ৭ বছর পর গত সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সহসভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।