ঢাকা | রবিবার, ৩০ আগস্ট ২০২৬,১৫ ভাদ্র ১৪৩৩

শাকসু স্থগিতের রিটকারী ভিপি প্রার্থী মমিনুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চার সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে শাকসু নির্বাচনে কোনও বাধা নেই বলেও জানায় হাইকোর্ট। রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।

এদিকে, শাকসু স্থগিতের রিটকারী স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রহমান শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিটকারী আইনজীবী জানান, জাতীয় নির্বাচন হয়ে গেলে শাকসু নির্বাচন আয়োজনে কোনও বাধা নেই। জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয় তবে তার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলে জানান আইনজীবীরা।

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।