ঢাকা | সোমবার, ২০ এপ্রিল ২০২৬,৭ বৈশাখ ১৪৩৩

প্রথমবারেই সাবপেরিওস্টিয়াল ইমপ্ল্যান্টে সাফল্য বিএমইউ’র ওরাল সার্জারি বিভাগের

বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে একটি জটিল ও ব্যতিক্রমধর্মী সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) এক কিশোরীর অকার্যকর দাঁত অপসারণ ও চোয়ালে আধুনিক সাবপেরিওস্টিয়াল ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পন্ন করা হয়।

বিভাগ সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী এক কিশোরী জন্মগত রক্তের রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়। পরবর্তীতে তার বিরল রোগ লিউকোসাইট অ্যাডহেশন ডিজিজ ধরা পরে। এ রোগে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যার ফলে গুরুতর পেরিওডন্টাইটিস দেখা দেয়। এতে আক্রান্ত রোগীর ধীরে ধীরে সব দাঁত নড়বড়ে হয়ে পড়ে। কার্যকরভাবে খাবার চিবাতে না পারার কারণে তার সামগ্রিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। রোগীর মুখের স্বাস্থ্য পুনর্বাসনের লক্ষ্যে সব অকার্যকর দাঁত অপসারণ করে দুই চোয়ালে আধুনিক সাবপেরিওস্টিয়াল ডেন্টাল ইমপ্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, অধ্যাপক ডা. শাহিদ আজিজ এই জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। সফলভাবে দুই চোয়ালে সাবপেরিওস্টিয়াল ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়। অপারেশনটি লাইভ সার্জারি হিসেবে পরিচালিত হয়। ডেন্টাল ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের সব শিক্ষক, মেডিকেল অফিসার ও রেসিডেন্টরা এই গুরুত্বপূর্ণ সার্জারিতে উপস্থিত ছিলেন।