ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

বাংলাদেশ ক্রিকেটে নতুন এক মাইলফলক যুক্ত হয়েছে। প্রথমবারের মতো অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এই ঐতিহাসিক অর্জনে দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসও।

নিজের ফেসবুক পেজে সৈকতকে উদ্দেশ্য করে ইমরুল লিখেছেন, ‘সৈকত ভাই, অ্যাশেজ টেস্টে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার হওয়ার জন্য আমার আন্তরিক অভিনন্দন। এটি শুধু আপনার জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহত্তম মঞ্চে আপনার এই পদার্পণে রইল শুভকামনা। আপনার সাফল্য আরও অনেককে আপনার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করুক।’

ইমরুলের এই বার্তায় স্পষ্ট ফুটে উঠেছে দেশের ক্রিকেটারদের গর্ব ও আবেগ। কারণ অ্যাশেজে দায়িত্ব পাওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্যও এক বিশাল সম্মান।

সাম্প্রতিক বছরগুলোতে সৈকত ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন। সেখানে যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিয়মিত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করছেন। বিশ্বকাপেও দায়িত্ব পালন করে নিজের দক্ষতার স্বীকৃতি আদায় করেছেন তিনি।

তবে অ্যাশেজে আম্পায়ারিং পাওয়া ছিল সম্পূর্ণ নতুন উচ্চতা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রচার বহুল সিরিজে দায়িত্ব পাওয়া মানেই আম্পায়ারিং জগতে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি। সেই জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সৈকত।