ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কঠোর অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। কলেজের আশপাশে উসকানিমূলক কর্মকাণ্ড, অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি-সংঘর্ষ বা আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো ঘটনায় জড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গুরুতর শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে ভর্তি বাতিল করে স্থায়ীভাবে ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করা হতে পারে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আইডিয়াল কলেজের এক নোটিশে এ সতর্কতা দেওয়া হয়। নোটিশে বিষয়টি জরুরি বলে উল্লেখ করা হয়। নোটিশটি আইডিয়াল কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দৃষ্টি আর্কষণ করা হয়।
এতে বলা হয়, কলেজের আশপাশের এলাকা বা রাস্তায় উসকানিমূলক কর্মকাণ্ড, অন্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি, সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
কোনো শিক্ষার্থী কলেজের আশপাশের এলাকা বা রাস্তায় উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, পাশের কোনো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মারামারি, সংঘর্ষ, বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড অথবা কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়-এমন কোনো ঘটনায় জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গুরুতর শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং স্থায়ীভাবে ছাড়পত্র (টিসি) দিয়ে কলেজ থেকে বহিষ্কার করা হতে পারে। এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ, তদ্বির বা শিথিলতা প্রদর্শন করা হবে না।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করে কলেজের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই ঘটনায় ইতোমধ্যে ঢাকা কলেজের ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়ে বহিষ্কার করা হয়েছে।






