মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে কাজ করার সময় মিলন(৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্ট্রার পরবর্তীতে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১.৩০টার দিকে ফাহাদ হলের ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন ওই কর্মী। এ সময় হঠাৎ করেই একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার করলে আশপাশের অন্য শ্রমিক ও হলের দায়িত্বশীলরা ছুটে আসেন এবং হাতে-পায়ে শক্ত করে বেঁধে ফেলেন। পরবর্তীতে তাকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন।
অত্র হলের প্রোভোস্ট ড. মো: রাশেদুজ্জামান বলেন,” আমরা দ্রুত তাকে টাংগাইল সদর হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। দ্রুত হসপিটালে নিয়ে আসায় রক্তে বিষ পাওয়া যায় নি। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”
এদিকে ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড় ও জলাশয়ে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থী ও কর্মরত কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম বা জরুরি চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।







