ঢাকা | শনিবার, ২৯ আগস্ট ২০২৬,১৪ ভাদ্র ১৪৩৩

জুলাইকে আগামী দিনের পথচলার পাথেয় হিসেবে ধারণ করতে হবে: জবি উপাচার্য

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ‘স্মৃতিতে জুলাই, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, “জুলাইয়ের শিক্ষা ও চেতনাকে আগামী দিনের পথচলার পাথেয় হিসেবে ধারণ করতে হবে।”

সোমবার (২৭ জুলাই) বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাইকে শুধু স্মরণ করলেই হবে না, বরং তা মন ও মননে ধারণ করতে হবে, যাতে এর চেতনা কখনো হারিয়ে না যায়। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে জীবনের সর্বক্ষেত্রে ধারণ করতে না পারলে জাতির অস্তিত্ব ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ বিভাগের অনেক শিক্ষার্থী ফ্যাসিবাদের গুলিতে আহত হয়েছেন। দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, অন্যায় ও অধিকারহীনতার বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিরোধ থেকেই জুলাই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং জনগণের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়।

উপাচার্য বলেন, অন্যায়ের প্রতিবাদ না করা, অন্যায়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়া এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি থেকেই ফ্যাসিবাদের জন্ম হয়। তাই রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে জবাবদিহিতা এবং প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অতীতে বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর ধারাবাহিকতায় ৩৬ দিনের জুলাই আন্দোলন সংঘটিত হয়। ভবিষ্যতে যেন আর কোনো জুলাইয়ের প্রয়োজন না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন ও সোচ্চার হতে হবে। জুলাইয়ের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোতেও অদৃশ্য নিয়ন্ত্রণের সংস্কৃতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিবেশ থেকেই ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। তাই বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহত ও সংগ্রামীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।