ঢাকা | শনিবার, ২৭ জুন ২০২৬,১৩ আষাঢ় ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদল নেতা অনিক, ছাত্রলীগ কর্মীদের অপকর্মে ইন্ধনের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীদের প্রতি প্রশ্রয় ও ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি একসময় জবি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে ছাত্রদলের পদে থেকে সাবেক ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করছেন।

জানা যায়, নাহিয়ান বিন অনিক ২০১৩ সালে জবি ছাত্রলীগের শরীফ-সিরাজ কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ লাভ করেন।

সম্প্রতি অনিকের অনুসারী হিসেবে পরিচিত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই কর্মী কর্তৃক সাংবাদিকদের উপর হামলা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার পর অনিক সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন সাংবাদিক। এতে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলে তারা জানান।

ছাত্রদলের একাধিক নেতার দাবি, ছাত্রলীগে সক্রিয় থাকার সময়ও অনিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ছাত্রদলে যোগ দেওয়ার পরও প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন,”তিনি আগে স্বৈরাচারী আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে সুযোগ বুঝে ছাত্রদলে যোগ দেন। এখন ছাত্রদলের পদ ব্যবহার করে সাবেক ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন অপকর্মে প্রশ্রয় ও নিরাপত্তা দিচ্ছেন। যারা দীর্ঘদিন ত্যাগ ও সংগ্রাম করে দলকে এগিয়ে নিয়েছেন, তাদের মূল্যায়ন না করে এ ধরনের ব্যক্তিদের নেতৃত্বে আনা হলে দল বিতর্কিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।”

এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।